মাদকবিরোধী অভিযানের সময় পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে দৌড়ে পালাতে গিয়ে মাকসুদুর রহমান ওরফে মাকসুদুল্লাহ (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার রাতে পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, মাকসুদুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় তিনটি মামলা আছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিদর্শক মো. জসীম উদ্দিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে শহরের স্বনির্ভর সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযানে যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে মাকসুদুল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানে থাকা দলটি তাঁর পিছু নেয়। একপর্যায়ে তিনি সড়কে পড়ে যান। তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাকসুদুল্লাহর স্ত্রী হাফিজা বেগমের ভাষ্য, তাঁর স্বামীকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়লে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। তাঁর স্বামীর মৃত্যুর ব্যাপারে তাঁদের পরিবারের কোনো অভিযোগ নেই। তিনি বিনা ময়নাতদন্তে স্বামীর লাশ দাফন করার জন্য লিখিত আবেদন করেছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার মোর্শেদ বলেন, মাকসুদুল্লাহর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা ও একটি সাধারণ ডায়েরি (জিডি) আছে। এ ছাড়া ভোলাতে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা আছে। আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
মাকসুদুল্লাহর স্ত্রী বিনা ময়নাতদন্তে স্বামীর লাশ দাফনের জন্য লিখিত আবেদন করেছেন। তবে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।