মাদকবিরোধী কর্মসূচির আয়োজকদের ওপর বিক্রেতাদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী কর্মসূচির দিনে আয়োজকদের ওপর হামলা চালিয়েছেন মাদকবিক্রেতারা। এতে তিনজন আহত হয়েছেন। মৌলভীবাজার শহরতলির কালেঙ্গাবাজার এলাকায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: জান্নাতুল ফেরদৌস (২৭), আফিকুল হাসান (২৯) ও কদরিছ মিয়া (৩২)। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ হামলার প্রতিবাদে ও এতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী ঘটনার পরই সমাবেশ ও বিক্ষোভ করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘ দিন ধরে মৌলভীবাজারের শহরতলি এবং কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকায় হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছে। সম্প্রতি এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে গেছে। এসব বন্ধের দাবিতে গতকাল দুপুরে কালেঙ্গা বাজারে মানববন্ধন করার সিদ্ধান্ত নেন এলাকাবাসী। কিন্তু সকাল নয়টার দিকে কয়েকজন স্থানীয় মাদক ব্যবসায়ী ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে আয়োজকদের ওপর হামলা চালান। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। এ হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী কালেঙ্গা বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে রহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মজিদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন কালেঙ্গা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, কালেঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, এলাকায় মাদকদ্রব্য বিক্রি, জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ বন্ধের দাবিতে গত মার্চে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। কিন্তু এতে কোনো কাজ হয়নি। এখন মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসী হামলা চালানোর মতো দুঃসাহস দেখাল। এদের শিগগির গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই ইউপির সাবেক সদস্য মো. মাসুক মিয়া বলেন, ‘সন্ধ্যার পর নেশাখোররা বেপরোয়া হয়ে ওঠে। টাউন থেকে গাড়ি, সাইকেল নিয়ে আসে। এরা টাউনের লোক। প্রতিবাদ করলে পথে আটকে নির্যাতন করে। আমরা এদের কাছে জিমিঞ্চ। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আজ প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষ।’ হামলা ও প্রতিবাদ সমাবেশের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীহার রঞ্জননাথ গতকাল বলেন, এলাকাটি থানা থেকে অনেক দূরে। তাই পুলিশ যাওয়ার আগেই মাদক ব্যবসায়ীরা সটকে পড়েন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।