মাদকবিরোধী মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার বেদেপল্লির পোড়াবাড়ী, কাঞ্চনপুর ও অমরপুর মহল্লাকে মাদকমুক্ত করতে আন্দোলনে নেমেছে ‘পোড়াবাড়ী সমাজ কল্যাণ সংঘ’ নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে গতকাল শনিবার এলাকায় মাদকবিরোধী মিছিল ও সমাবেশ করা হয়। কর্মসূচি থেকে এলাকাকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করেন সংগঠনটির সদস্য ও স্থানীয় লোকজন। গতকাল বেলা দেড়টার দিকে সংগঠনটির উদ্যোগে মাদকবিরোধী মিছিল বের হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। মিছিল কাঞ্চনপুর ও অমরপুর হয়ে পোড়াবাড়ী গিয়ে সমাবেশ করে। এ সময় ‘মাদকের হাট’ হিসেবে পরিচিত বেদেপল্লিকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন বক্তারা। সমাবেশ থেকে জানানো হয়, বেদেপল্লির বিভিন্ন মহল্লায় হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ ইয়াবার ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এ ব্যবসা চলছে। তা ছাড়া প্রায় ৫০ হাজার বাসিন্দার এ পল্লির অধিকাংশ মানুষ অশিক্ষিত। মাদক সম্পর্কে সচেতনতা না থাকায় কম বয়সেই এখানকার বাসিন্দারা মাদকাসক্ত হয়ে পড়েন। ব্যবসায়ও জড়িয়ে পড়েন অনেকে। সংগঠনটির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, সম্প্রতি বেদেপল্লির মাদক ব্যবসা নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে পুলিশ প্রশাসনের। পুলিশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটকও করে। কিন্তু এর পরও বন্ধ হয়নি মাদক ব্যবসা। তবে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তাঁরা উদ্বুদ্ধ হয়ে এলাকাটিকে মাদকমুক্ত করতে উদ্যোগী হয়েছেন। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সাধারণ সম্পাদক রমজান আহামেঞ্চদ বলেন, সংগঠনের পক্ষ থেকে মাদকসেবীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এতে অনেকেই মাদক গ্রহণ না করার অঙ্গীকার করে মাদকবিরোধী আন্দোলনে শামিল হয়েছেন।