মাদকবিরোধী মুক্ত সংলাপ আজ
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে আট বছর ধরে চলা মাদকবিরোধী আন্দোলন কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার রাজধানীসহ দেশের ২২টি জেলা শহরে মুক্ত সংলাপের আয়োজন করা হয়েছে। টেলিভিশন ও সংবাদপত্রে প্রচারিত বা প্রকাশিত প্রতিবেদনের জন্য ঢাকায় ছয়জন সাংবাদিককে ‘মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১১’ দেওয়া হবে। ঢাকায় বেলা সাড়ে তিনটায় প্রথম আলো কার্যালয়ের দশম তলায় ‘চাই মাদকমুক্ত সুস্থ পরিবার’ শীর্ষক মুক্ত সংলাপের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক মো. মোখলেছুর রহমান ও আইসিএবির প্রেসিডেন্ট পারভীন মাহমুদ। এ ছাড়াও অংশ নেবেন প্রশাসনসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঢাকা ছাড়াও দেশের ২২টি জেলা শহরে অনুষ্ঠিত হবে মাদকবিরোধী মুক্ত সংলাপসহ নানা কর্মসূচি। এসব অনুষ্ঠানে অংশ নেবেন সারা দেশের বন্ধুসভার সদস্য, সুধীজনসহ সর্বস্তরের মানুষ। দেশের যেসব জায়গায় মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হবে সেগুলো হলো: জামালপুর, সিলেট, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, বরিশাল, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মেহেরপুর, ফরিদপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা, রাঙামাটি, খুলনা, দিনাজপুর, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর। উল্লেখ্য, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এর আগে প্রথম আলো মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে তরুণদের সচেতন করতে চট্টগ্রাম ও ঢাকায় কনসার্ট করেছে।