মাদকবিরোধী শপথ নিল কয়েক হাজার শিক্ষার্থী
প্রশাসনের উদ্যোগে চাঁদপুর ও শাহরাস্তি, লক্ষ্মীপুর এবং কুমিল্লার লাকসামে গতকাল সোমবার মাদকবিরোধী শোভাযাত্রা ও সভা হয়েছে। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী মাদককে ‘না’ বলার শপথ নেয়।চাঁদপুর: সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দীন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. শহীদুল্যাহ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার প্রমুখ।লক্ষ্মীপুর: সকালে জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা কামাল মজুমদার। বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম সরকার, পুলিশ সুপার জামিল আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খলিলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল, শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ। শাহরাস্তি (চাঁদপুর): ‘মাদককে না, মাদক স্পর্শ করব না, যারা মাদক রাখে ও সহায়তা করে তাদের ঘৃণা করব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১টায় শাহরাস্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী সভায় অংশ নেয়। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আয়াতুল ইসলাম ছাত্রছাত্রীদের দুই হাত তুলে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। লাকসাম (কুমিল্লা): লাকসাম পাইলট উচ্চবিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও শপথ হয়। শপথ বাক্য পাঠ করান লাকসামের ইউএনও এ কে এম মামুনুর রশিদ। সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বন্ধুদের আড্ডায় বা কৌতুহলে কেউ কখনো ধূমপান করবে না। বাসায় প্রত্যেকে তাদের অভিভাবকদের ধূমপান থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাবে। তাহলে মাদকের প্রতি ঝুঁকি অনেকাংশে কমবে।