মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ
‘মরছে আমার পাড়ার ভাই, মাদকমুক্ত শহর চাই’, ‘বাঁচতে চাই, মরতে চাই না’ এমন অসংখ্য স্লোগান নিয়ে পঞ্চগড় পৌর এলাকার রাজনগর মাদকবিরোধী নাগরিক কমিটি গতকাল শনিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।পৌর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান ও পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম এতে নেতৃত্ব দেন। পরে পৌর উচ্চবিদ্যালয় মাঠে প্যানেল মেয়র মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় বণিক সমিতির সভাপতি ইকবাল কায়ছার, উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন প্রধান, নারীনেত্রী জাকিয়া আনোয়ার, ইউপি চেয়ারম্যান আলতামাশ হুসাইন, কিমওয়ার হোসেন, কামরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা মাদক বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে পঞ্চগড় পুলিশ সুপার বরাবর একটি সঞ্চারকলিপি দেন মাদকবিরোধী নাগরিক কমিটির নেতারা। মাদক বিক্রি বন্ধে পৌর খালপাড়া ও রাজনগর এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।