মাদকবিরোধী সভায় পুলিশের অভিযান, ২৭ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক সেবন ও বিক্রি এবং অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে আহ্বান করা একটি সভায় অভিযান চালিয়ে পুলিশ ২৭ জন নিরীহ ব্যক্তিকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে কাঁচপুরের সোনাপুর মসজিদে সভা চলাকালে সোনারগাঁ থানা পুলিশ ওই অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কাঁচপুরের সোনাপুর মসজিদে এলাকাবাসী ওই সভা আহ্বান করেন। সভার শুরুতে মসজিদের ইমাম আবু হানিফ মাদক ও অসামাজিক কার্যকলাপের কুফল নিয়ে আলোচনা করেন। সভায় মসজিদ কমিটির সদস্য, আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মী এবং কলেজের ছাত্ররা এলাকার মাদক নির্মূলে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সভা চলার সময় হঠাৎ সোনারগাঁ থানার একদল পুলিশ মসজিদের চারপাশ ঘেরাও করে সভায় অংশগ্রহণকারীদের জামায়াত-শিবিরের লোক বলে আখ্যায়িত করে। পুলিশ সেখান থেকে ২৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ খবর জানার পর আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরাসহ এলাকাবাসী ক্ষুব্ধ হন।

পরে পুলিশ থানাহাজত থেকে প্রথমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন, বিএনপির কর্মী রুবেল মিয়া, শহীদুল্লাহ, হাছানা আলী এবং মসজিদের ইমাম আবু হানিফকে ছেড়ে দেয়।

এরপর উপজেলা আওয়ামী লীগের নেতারা থানায় গিয়ে তাঁদের কর্মী মাহবুব মিয়া, হাফেজ মিয়া, নাজমুল হক ও বাবু মিয়াকে ছাড়িয়ে আনেন।

গতকাল সন্ধ্যায় থানাহাজতে গিয়ে দেখা যায়, ওই মসজিদ কমিটির সদস্য আবদুল গাফ্ফার, ঢাকার দনিয়া কলেজের একাদশ শ্রেণীর দুজন ছাত্র হাবিবুর রহমান ও মো. জনি এবং কাঁচপুরের সিনহা গার্মেন্টসের শ্রমিক সাইফুল ইসলামকে সেখানে আটক রাখা হয়েছে। তাঁরা অভিযোগ করেন, যাঁরা তদবির করতে পেরেছেন এবং পুলিশকে টাকা দিতে পেরেছেন, তাঁরা মুক্তি পেয়েছেন।

অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁদের আটক করা হয়। এখানে আওয়ামী লীগ ও বিএনপির অনেকেই আটক হয়েছেন। এরই মধ্যে নয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে।