মাদকবিরোধী সভার মঞ্চে মাদকাসক্ত আ.লীগ নেতা
রাজশাহীর বাঘায় গত সোমবার পুলিশ প্রশাসন ও আড়ানী পৌর কর্তৃপক্ষের আয়োজনে মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ এক সভা হয়। সভামঞ্চে অতিথির আসনে বসেছিলেন মাত্র মাস খানেক আগে নেশার হাত থেকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া মাদকাসক্ত আওয়ামী লীগ নেতা বাবলু হোসেন। উপজেলার আড়ানী রেলস্টেশন আখ ক্রয় কেন্দ্র মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ।
এই মঞ্চেই অতিথিদের মধ্যে বসেছিলেন আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বাবলু হোসেন। নির্বাচনে তিনি অবশ্য বিজয়ী হতে পারেননি। আওয়ামী লীগ নেতা বাবলু বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমাকে শোধরানোর জন্য পুলিশে দিয়েছিলেন। মাস খানেক ওখানে ছিলাম।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রী আমাকে ভালো করার উদ্যোগ নিয়েছেন। তাঁর সম্মান না রাখতে পারলে তো আমি মানুষই রইলাম না।’
ওসি আমিনুর রহমান বলেন, ওই আওয়ামী লীগ (বাবুল) নেতাকে মঞ্চে ডাকা হয়নি। কোনো এক ফাঁকে উনি নিজেই এসে বসেছিলেন।