মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১৬’ দেওয়া হবে আজ। সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন।
আজ শনিবার বিকেল চারটায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিচারকের রায়ে সেরা প্রতিবেদনের জন্য ছয়জন সাংবাদিকের হাতে পুরস্কারের চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এ ছাড়া আয়োজন করা হয়েছে মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত আয়োজন ‘পরার্মশ সহায়তা’-এর ৭৫তম আসর।
সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য ১৩ বছর ধরে কাজ করে চলেছে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন। ২০১০ সাল থেকে দেওয়া হচ্ছে মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার।
মাদকাসক্ত ব্যক্তিদের অভিভাবক এবং যাঁদের পরামর্শ সহায়তা দরকার, তাঁদের জন্য প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন প্রতি মাসে ঢাকার ধানমন্ডি ডব্লিউভিএ মিলনায়তনে পরামর্শ সহায়তার আয়োজন করে থাকে। এ ছাড়া ঢাকার বাইরেও পরামর্শ সহায়তা কার্যক্রম হয়ে থাকে। এ পর্যন্ত ৭৪টি মাদক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি আয়োজনে প্রায় ৫০-৬০টি পরিবার অংশ নিয়ে থাকে। প্রতি মাসে একটি নির্দিষ্ট নম্বরে (৯১২১২২৩) ফোন-ইনে গড়ে প্রায় ৩০টি ফোন আসে। মনোরোগ চিকিত্সক ও বিশেষজ্ঞরা মাদকের প্রতি আসক্তি নিরাময়ের জন্য তাঁদের বিভিন্ন পরামর্শ দেন।
প্রতিবছর ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সারা দেশে চলে ব্যাপক আয়োজন। এগুলোর মধ্যে রয়েছে মাদকবিরোধী কনসার্ট, গোলটেবিল বৈঠক, শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা, মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদকবিরোধী বন্ধুমেলাসহ বিভিন্ন আয়োজন। অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞাপন, সম্পাদকীয় ও চিঠিপত্র প্রকাশ করা হয়, যা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। সারা দেশে বিলি করা হয় মাদকবিরোধী স্টিকার, পোস্টার ও প্রচারপত্র।