মাদকবিরোধী সেরা প্রতিবেদনের পুরস্কার বিতরণ আজ
গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ।
রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ সোমবার বিকেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
টেলিভিশন ও সংবাদপত্রে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদনের জন্য বিচারকের রায়ে সেরা ছয়জন সাংবাদিককে ‘মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১৭’ দেওয়া হবে। এ ছাড়া কিশোরদের স্টিকার প্রতিযোগিতার বিজয়ী তিন কিশোরকে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য ১৪ বছর ধরে কাজ করে চলেছে প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন। ২০১০ সাল থেকে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় মাদকবিরোধী সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট।
সেরা প্রতিবেদন নির্বাচনের জন্য এবার বিচারকমণ্ডলীর দায়িত্বে আছেন ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, একাত্তর টিভির পরিচালক বার্তা সৈয়দ ইশতিয়াক রেজা ও ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সেলিম আহমেদ।