মাদকমুক্ত গ্রাম গড়তে ব্যতিক্রমী উদ্যোগ
বগুড়া-রংপুর মহাসড়ক দিয়ে এই ঈদে প্রশাসনের অনেক কর্তাব্যক্তি আসা-যাওয়া করবেন। তাঁদের আকর্ষণ হলে হয়তো কোনো একটা উদ্যোগ নেওয়া হতে পারে—এ আশা থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া গ্রামকে মাদকমুক্ত করার দাবি জানিয়ে গ্রামবাসী ব্যানার টাঙিয়ে দিয়েছেন।
ভরিয়া গ্রামে প্রবেশের মুখে মহাসড়কের পাশে ঈদের আগের দিনে (৫ অক্টোবর) এ ব্যানার টানানো হয়েছে। এতে লেখা রয়েছে ‘মাননীয় সরকারের প্রতি আকুল আবেদন, আমাদের গ্রামকে মাদক এর মারাত্মক ছোবল হতে রক্ষা করুন।’
গ্রামের কয়েকজন অভিযোগ করেন, এ গ্রামে মাদকের ভয়াবহতা অনেক বেড়ে গেছে। প্রভাবশালী ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছেন। গ্রামে মান-সম্মান নিয়ে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছে। গ্রামকে মাদকমুক্ত করার জন্য এর আগে তাঁরা অনেক জায়গায় ধরনা দিয়েছেন। সভা-সমাবেশ হয়েছে একাধিকবার। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রামকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। প্রশাসন মাদকবিরোধী অভিযানও চালিয়েছে কয়েকবার। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কিছুদিন বন্ধ রেখে মাদক কেনাবেচা আবার পুরোদমে শুরু হয়েছে। এ অবস্থায় মাদকমুক্ত গ্রাম গড়তে গ্রামবাসী অভিনব এ ব্যানার টাঙানোর উদ্যোগ নিয়েছেন।
গ্রামের রিপন আহমেদ (৩২) বলেন, ‘মাদকের কারণে গ্রামের বদনাম চারদিকে। তাই মহাসড়কের পাশে ব্যানার টাঙিয়ে প্রশাসনের ওপর মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।’ দেউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘আমি নিজেও একাধিকবার ওই গ্রামে গ্রামপুলিশ ও মানুষের সহযোগিতায় অভিযান চালিয়েছি। কিন্তু মাদক বন্ধ করা যায়নি। সকলের মতো আমারও চাওয়া ওই গ্রাম মাদকমুক্ত হোক।’
উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, মাদকের বিরুদ্ধে জোর তৎপরতা চালানো হচ্ছে। মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তার পরও ভরিয়া গ্রামবাসীকে মাদকের সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করা হয়েছে।