মাদকমুক্ত ঘোষণা
নীলফামারী জেলা সদরের খোকশাবাড়ী ইউনিয়ন বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের শাইলবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক গণসমাবেশে ওই ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ। ইউএনও বলেন, আগামী এপ্রিলে নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ লক্ষ্যে পর্যায়ক্রমে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হচ্ছে।