মাদকমুক্ত নগর গড়ে তোলার আহ্বান
মাদককে না বলুন—এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মতবিনিময় সভা। এতে মাদকমুক্ত সুন্দর নগর গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা মাদক প্রতিরোধে সচেতন হতে পরিবার ও সমাজের প্রত্যেকের প্রতি আহ্বান জানান। বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত সভার সভাপতি মেয়র শওকত হোসেন অভিযোগ করেন, র্যাব ও পুলিশের সোর্সরা সরাসরি মাদক ব্যবসায় জড়িত। মাদকের ভয়াবহতা বরিশাল নগরের যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে কয়েকজন যুবক মাদকের কারণে মারা গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ওসিরা কনস্টেবলদের কাছে অর্থ দাবি করায় তাঁরা মাদকসেবীদের কাছ থেকে অর্থ এনে দেন। এসব কারণে কমছে না মাদক কেনাবেচা ও ব্যবহার।সভায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যক্ষ মো. হানিফ, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম এনায়েত হোসাইন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল, সিটি করপোরেশনের প্যানেল মেয়র আয়শা তৌহিদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আনিচুর রহমান, বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি মহসিন উল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, মাদক বিক্রেতারা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ও প্রশাসনের সহযোগিতা নিয়েই সর্বত্র মাদক ছড়িয়ে দিচ্ছে। যে পরিমাণ মাদক নগরে প্রবেশ করে, তার অতি নগণ্য আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে। মাদক বিক্রেতারা রাজনৈতিক দলের সদস্য, এমনকি নিজের ভাই হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও যেসব পথে মাদক প্রবেশ করে, সেসব স্থানে কঠোর নিরাপত্তা—বিশেষ করে জনসম্পৃক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। মাদকবিরোধী জনসচেতনার অংশ হিসেবে পরিবারকে সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, যুবসমাজকে বেশি বেশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। স্কুল-কলেজের মাঠ খেলাধুলার উপযোগী করে দিতে হবে। সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে হবে। ইতিবাচক কাজের সঙ্গে সম্পৃক্ত হতে সুযোগ সৃষ্টি করতে হবে।