মাদকমুক্ত বাংলাদেশ চায় ভিকারুননিসার শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা মাদকমুক্ত বাংলাদেশ চাই। মাদকের অভিশাপ মন ও দেশ থেকে তাড়াতে হবে। এ জন্য আমরা এক হয়ে কাজ করব। সব সময়ের জন্য আমরা মাদককে না বলব’ এ ধরনের অঙ্গীকার করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই স্কুল ও কলেজের মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করে। অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো ট্রাস্টের অধীন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন।অনুষ্ঠানে আলোচনায় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, ‘আমরা দৃঢ়কণ্ঠে বলতে পারি, আমাদের প্রতিষ্ঠানে মাদকের দুর্গন্ধ নেই। তবে আমাদের স্বজন, বন্ধু ও প্রতিবেশীদের কেউ যেন মাদক না নেয়, সেদিকে সচেতন থাকতে হবে। আমরা নিজেরা সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে।’প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, দেশের ৭০ লাখ পুরুষ মাদক নিচ্ছে। এদের কারণে সমস্যায় থাকা স্বজনদের সংখ্যা প্রায় সাত কোটি। এসব মানুষকে মাদকাসক্তদের জন্য সমাজে বিব্রত হতে হয় ও ব্যস্ত থাকতে হয়। এতে দেশের অনেক ক্ষতি হচ্ছে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা দুই হাত তুলে জোরালো কণ্ঠে মাদককে ‘না’ বলে।আবদুন নূর তুষার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যে বন্ধু তোমাদের মাদক ধরতে বলে, তাদের তোমরা না বলবে। তোমাদের কোনো বন্ধু যদি মাদক নেয়, তবে তার পরিবারের সদস্যদের তোমরা তা বলবে। তোমরা মেয়েরা নিজেরা ধূমপান করবে না। ধূমপায়ী মায়ের শিশুরা ছোট হয়, তাদের মাথা ছোট হয়।’চিকিৎসক সিফাত-ই-সাঈদ বলেন, দিনে দিনে মেয়েদের মধ্যে মাদক গ্রহণের মাত্রা বাড়ছে। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘লক্ষ রাখবে, তোমাদের স্বজন ও প্রতিবেশী কেউ মাদক নিচ্ছে কি না। মাদকাসক্তদের ঘৃণা না করে ভালোবেসে বোঝাতে হবে।’চিকিৎসক ফারজানা রহমান বলেন, শিরায় মাদক নিলে এইচআইভি ও হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে।প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘৭০ লাখ পুরুষের পাশাপাশি প্রায় দেড় লাখ নারী মাদক নিচ্ছে। আমরা এ সংখ্যা শূন্যে নিতে চাই।’অনুষ্ঠানে ভিকারুননিসার শিক্ষার্থী সরকার নাহিন আহমেদ বলে, ‘মাদকের অভিশাপ থেকে দেশ ও সমাজকে মুক্ত করতে হবে। এ জন্য সবাইকে কাজ করতে হবে।’ শিক্ষার্থী অনুরত বলে, ‘আমরা চেষ্টা করব পরিচিত-অপরিচিত সবাইকে মাদক থেকে দূরে রাখতে। সামাজিক বন্ধন গড়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।’আলোচনা শেষে ‘মাদক প্রতিরোধে পরিবার নয়, সমাজের ভূমিকাই মুখ্য’ শীর্ষক সংক্ষিপ্ত বিতর্কে অংশ নেয় দুই শিক্ষার্থী পারমিতা বণিক ও তাহমিনা খানম। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ভিকারুননিসার শিক্ষার্থীদের পাশাপাশি গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা আবিদ।