মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: মুখ্য সচিব
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে আমরা প্রত্যেকে দায়বদ্ধ। এ দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে নিজে কোনোভাবে দায় এড়াতে পারি না। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য সবার এগিয়ে আসতে হবে।’
গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাদক নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠানে আবুল কালাম আজাদ এসব কথা বলেন। সংলাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আখতারুজ্জামান যোগ দেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার জেলা প্রশাসকেরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ নিজ জেলার মাদকের চিত্র তুলে ধরেন। ১০০টি উপজেলাও এই ভিডিও কনফারেন্সের আওতায় ছিল বলে জানানো হয়। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, কোস্টগার্ডের জোনাল কমান্ডার শহীদুল ইসলাম প্রমুখ। মুখ্য সচিব আবুল কালাম আজাদ সংলাপটি সঞ্চালনা করেন।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো গেলে মাদক নিয়ন্ত্রণে রাখা অনেকখানি সম্ভব হবে বলে মনে করেন।