মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের ভয়াল থাবা গ্রাস করেছে মাগুরার যুবসমাজকে। মাদকাসক্ত ব্যক্তিরা জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। তাঁদের অধিকাংশই যুবক।
পাড়া-মহল্লায় মাদকাসক্ত ও মাদক বিক্রেতাদের অবাধ বিচরণের কারণে সাধারণ মানুষের চলাফেরা মুশকিল হয়ে পড়েছে। প্রতিনিয়ত নাগরিকদের পোহাতে হচ্ছে নানামুখী যন্ত্রণা।
এ অবস্থায় গতকাল শুক্রবার সকালে মাগুরা শহরের মাদকপ্রবণ এলাকা দোয়ারপাড় ও কলেজপাড়ার লোকজন মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন আশপাশের পাড়া-মহল্লার নাগরিকেরাও।
সকালে দোয়ারপাড় জামে মসজিদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত নাগরিক সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক আবদুল বারী। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় ও মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম।
সভায় স্থানীয় অধিবাসীদের মধ্যে আইনজীবী রাশেদ মাহমুদ, কলেজশিক্ষক আশিষ রায়, গোবিন্দ চন্দ্র সাহা, ব্যবসায়ী আকরাম হোসেন খান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অমরেশ শিকদার, আইনজীবী বিনয় কুমার বিশ্বাস, আলী কদর, মায়া রানী বিশ্বাস, কাজী মাহবুবুর রহমান ও সামাজিক আন্দোলনের উদ্যোক্তা প্রকৌশলী রেজাউল করিম বক্তব্য দেন।
আকরাম হেসেন খান বলেন, ‘আমাদের এলাকা মাদক ব্যবসায়ীদের আস্তানা। আমরা এলাকায় চলাচল করতে পারি না। সব সময় আতঙ্কে থাকি।’
অমরেশ শিকদার বলেন, ‘মাদকের কারণে এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমাদের সমস্যা আমাদেরই রুখতে হবে।’
আইনজীবী আলী কদর বলেন, ‘আশা করি, এবার আমরা মাদক নির্মূলে পুলিশকে পাশে পাব।’ কাজী মাহবুবুর রহমান বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ নয়, আমরা এলাকা থেকে মাদক নির্মূল করব।’ রেজাউল করিম বলেন, ‘পুলিশ ও আমরা একসঙ্গে কাজ করব।’
মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে স্বাগত জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা সফল হব। মাদকের ব্যাপারে পুলিশ কোনো ছাড় দেবে না। আপনাদের সহযোগিতায় এ এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকার মডেল হিসেবে প্রতিষ্ঠিত করব।’