মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নিলেন সবাই

‘এসো মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভা ও জেলা পুলিশের যৌথ আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটায় স্থানীয় শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেন। এ ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৃতপক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আজ থেকে মাদককে না বলা এবং নিজে ও নিজের পরিবারকে মাদক থেকে বিরত রাখার শপথ নেন সবাই। এ ছাড়া সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ারও প্রতিশ্রুতি নেওয়া হয়।
পুলিশ সুপার জিহাদুল কবির এ আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দঘাট থানার ওসি এস এম শাহজালাল প্রমুখ।
অনুষ্ঠানের মাদকের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেন বন্ধুসভার উপদেষ্টা, কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল প্রমুখসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও বন্ধুসভার সব সদস্য উপস্থিত ছিলেন।