মাদকমুক্ত সমাজ গড়তে সংলাপ
কুড়িগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে পেশাজীবীদের নিয়ে নাগরিক সংলাপ হয়েছে। গতকাল রোববার সকালে কুড়িগ্রাম পৌর মিলনায়তনে ওই সংলাপের আয়োজন করেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ ম সা আ আমিন এনডিসি, পিএসসি। সংলাপের বিষয় ছিল ‘মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজন নাগরিক, প্রশাসনিক ও আইনি সহযোগিতার সৎ সংস্কৃতি।’
অনুষ্ঠানে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ ম সা আ আমিন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম আব্রাহাম লিংকন, রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, পৌর মেয়র আবদুল জলিল প্রমুখ।
বক্তারা বলেন, জেলার প্রায় ৩০০ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে রয়েছে ভারতের তিনটি রাজ্যের সীমানা। এই বিশাল সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন স্থল ও নৌপথে কোটি কোটি টাকার মাদক জেলায় প্রবেশ করছে। যা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে।