মাদকসহ আটক পুলিশ সদস্য বরখাস্তের পর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা কার্যালয়ের কম্পিউটার অপারেটর পুলিশ সদস্য (কনস্টেবল) মেহেদী হাসানকে বরখাস্ত করেছে মেট্রোপলিটন পুলিশ। মাদক মামলায় গ্রেপ্তারের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত শুক্রবার রাতে কনস্টেবল মেহেদীকে বানারীপাড়া উপজেলার শাখারিয়া গ্রামের আলী হোসেন মোল্লার মুদি দোকানের সামনে মাদক কেনাবেচার সময় বানারীপাড়া থানা-পুলিশ আটক করে।

মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বানারীপাড়া থানার পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার উপজেলার শাখারিয়া গ্রামের আলী হোসেন মোল্লার মুদি দোকানের সামনে মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ দেখে মেহেদী দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করে ধরে দেহ তল্লাশি চালিয়ে ২৯টি ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কেনাবেচার কথা স্বীকার করেছেন।