মাদকসহ আটকের পরও ছেড়ে দিল পুলিশ
মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের বিরুদ্ধে ফেনসিডিল ও মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে পুলিশ পরিত্যক্ত অবস্থায় মদ উদ্ধার দেখিয়ে একটি মামলা করেছে।অনুসন্ধানে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ একটি ব্যক্তিগত গাড়ি থেকে অন্তত দেড় হাজার বোতল ফেনসিডিল ও ১৫ লিটার মদ উদ্ধার করে। এ সময় পুলিশ আবদুস সাত্তার নামের একজনকে আটক করে। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফেনসিডিলসহ সাত্তারকে ছেড়ে দেওয়া হয়। সাত্তারের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগদিঘুলিয়া গ্রামে।নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও পাকুটিয়ার বাসিন্দা মো. শামীম খান বলেন, সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান তালুকদার গাড়ি থেকে মদ ও ফেনসিডিলসহ সাত্তারকে আটক করেন। এরপর ফেনসিডিলসহ সাত্তারকে ছেড়ে দিয়ে গাড়িটি নাগরপুরের পাকুটিয়া এলাকার হাসেন আলীর জিম্মায় রেখে দেন।রোববার বিকেলে এসআই আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি চেপে যান। পরে নানাভাবে প্রশ্ন করার পর তিনি পরিত্যক্ত অবস্থায় মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তবে ফেনসিডিলসহ সাত্তারকে আটকের কথা তিনি অস্বীকার করেন। সাটুরিয়া থানা এলাকা থেকে গাড়ি উদ্ধারের পর টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়ায় নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে এসআই আসাদুজ্জামান সদুত্তর দিতে পারেননি। এমনকি জিম্মায় রাখা গাড়িটির নম্বরও তিনি বলতে পারেননি। এমনকি এ ব্যাপারে থানায় কোনো সাধারণ ডায়েরিও করেননি।বিষয়টি ফাঁস হওয়ার পর স্থানীয় সাংবাদিকেরা রোববার রাতে বিষয়টি মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়াকে জানান। পুলিশ সুপার এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জানতে চান। এ অবস্থায় থানার এসআই শমসের আলী বাদী হয়ে পরিত্যক্ত অবস্থায় শুধু ১৫ লিটার মদ উদ্ধার দেখিয়ে রোববার রাতে সাটুরিয়া থানায় মামলা করেন। মামলায় আবদুস সাত্তারসহ পাঁচজনকে আসামি করা হয়। সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রুহুল কুদ্দুস বলেন, এসআই আসাদুজ্জামান শনিবার রাতে শুধু মদ উদ্ধারের বিষয়ই তাঁকে জানান। গাড়ি বা ফেনসিডিলসহ কোনো মাদক ব্যবসায়ীকে আটক করার কথা তাঁর জানা নেই। সাংবাদিকদের কাছ থেকে ঘটনাটি জানার পর ওই গাড়িটি থানায় নিয়ে আসা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বলেন, কোনো গাড়ি পুলিশের হেফাজতে নেওয়ার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানো এবং থানায় নথিভুক্ত না করা অপরাধ। এ ব্যাপারে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।