মাদকসহ ছাত্রলীগ নেতা আটক, ডিবি পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি হাসিবুর রহমানসহ কয়েকজনকে আটক করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। তবে কিছুক্ষণের মধ্যে তাঁদের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ছাড়িয়ে নেন অন্য কর্মীরা। এতে ডিবির পুলিশের পাঁচ সদস্য আহত হন।
রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় গত মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ডিবি পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়।
পরে রূপগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।
তবে ছাত্রলীগের নেতা হাসিবুরের দাবি, ডিবি পুলিশের সদস্যরা মাদক দিয়ে তাঁদের ফাঁসানোর চেষ্টা করেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন।
এলাকাবাসী ও ডিবি পুলিশের সদস্যরা জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রূপসী বাসস্ট্যান্ড-সংলগ্ন হাবিব মার্কেটের ছাদে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কায়েস আকন্দের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। সেখানে হাসিবুর ও তাঁর কয়েকজন সহযোগী মাদক সেবন করছিলেন। মাদকসহ তাঁদের আটক করে নিচে নামিয়ে আনার সময় ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাসিবসহ অন্যদের ছাড়িয়ে নেন।
হামলায় এসআই কায়েস, এএসআই কিবরিয়াসহ পাঁচজন আহত হন। তাঁদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ডিবির ওসি আকতার হোসেন জানান, ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের নেতা হাসিবসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে মামলার প্রস্তুতি চলছে।
গত ৯ সেপ্টেম্বর হাসিবুরকে সভাপতি ও হাফিজুর রহমান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এর পরই ওই কমিটি বাতিলের দাবিতে টানা দুই দিন রূপগঞ্জে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।