মাদকসহ পুলিশ গ্রেপ্তার, মামলায় পরিচয় গোপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ৯৯ বোতল ফেনসিডিলসহ আটক দাঙ্গা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁর পেশাগত পরিচয় গোপন করা হয়েছে। নাটোর সদর থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কিছু সদস্য শহরের বনবেলঘরিয়া বাইপাসে ঢাকাগামী একটি বাস থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ একটি ব্যাগ জব্দ করে। পরে ওই ব্যাগের মালিক বাসের যাত্রী ইখতিয়ার রহমানকে আটক করা হয়। ইখতিয়ার রাজশাহী মেট্রোপলিটন দাঙ্গা পুলিশে কনস্টেবল পদে কর্মরত। আটকের সময় তিনি পুলিশের পোশাক পরা ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা পরে মালামালসহ তাঁকে নাটোর সদর থানায় হস্তান্তর করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে ওই মামলায় ইখতিয়ারের পুলিশ কনস্টেবল পরিচয়টি গোপন রাখা হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার নাটোর আমলি আদালতে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে নাটোর কারাগারে পাঠানো হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সুনাম অক্ষুণ্ন রাখতে ইখতিয়ারের পেশাগত পরিচয় উল্লেখ করা হয়নি। তবে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছে।