মাদকসহ ১৪ জন গ্রেপ্তার তিনটি যানবাহন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র‌্যাব রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহূত একটি মাইক্রোবাস, একটি ব্যক্তিগত গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, গতকাল সকালে অধিদপ্তর ও র‌্যাব-২-এর যৌথ দল তেজগাঁও রেলওয়ে বস্তিতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ একজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।এরপর মাদক নিয়ন্ত্রণের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনন্দবাজার থেকে বেশ কয়েকটি ‘লুপিজেসিক’ ইনজেকশনসহ একজন বিক্রেতাকে গ্রেপ্তার করে।বৃহস্পতিবার গভীর রাতে উত্তর যাত্রাবাড়ী থেকে একটি মাইক্রোবাস থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবোধ কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো আনার কথা স্বীকার করেছে।গত বৃহস্পতিবার রাতে ১০০ ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পরিদর্শক আজিজুল ইসলামের নেতৃত্বে একটি দল।একই রাতে পরিদর্শক নিজামউদ্দীন খানের নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর থেকে ১০০ অ্যাম্পুল লুপিজেসিক ইনজেকশনসহ একজনকে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় ৩২৪ ক্যান বিয়ারসহ মতিঝিল থেকে একজনকে গ্রেপ্তার করেছেন পরিদর্শক হেলালউদ্দীন। এদিকে পুলিশ জানিয়েছে, ওই রাতেই মগবাজার এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।