মাদকসেবী আছড়ে মারল দেড় বছরের শিশুকে
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসেবী যুবক দেড় বছরের এক শিশুকে আছড়ে হত্যা করেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কালিকাপুর এলাকার জামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের রিপন মিয়ার স্ত্রী পুতুল বেগম দুই শিশুসন্তানকে নিয়ে একই এলাকার জামপুর গ্রামে বাবার বাড়িতে বসবাস করতেন। গতকাল শনিবার বিকেলে পুতুল ঘরের বাইরে গেলে তাঁর অগোচরে পাশের শুয়ারখিল গ্রামের জয়নাল হাজারীর ছেলে মাদকসেবী ও বখাটে জামাল (৩০) দেড় বছরের শিশু হূদয়কে নিয়ে সীমান্ত এলাকায় চলে যায়। সেখানে মাদকাসক্ত অবস্থায় জামাল শিশু হূদয়কে আছড়িয়ে নির্মমভাবে হত্যা করে তার নিজ ঘরে লেপ দিয়ে ঢেকে পালিয়ে যায়। অনেক্ষণ পর শিশু হূদয়কে না পেয়ে তার মা পুতুল বেগম খোঁজাখুঁজি করলে বাড়ির লোকজন জানায়, জামাল হূদয়কে কোলে নিয়ে সীমান্ত এলাকার দিকে গেছে। পরে পাগলপারা পুতুল বেগম হূদয়ের মরদেহ জামালের ঘর থেকে উদ্ধার করে স্থানীয় কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হূদয় মারা গেছে বলে জানান। স্থানীয় জনগণ হূদয়ের লাশ কালিকাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হূদয়ের লাশ চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বখাটে ও মাদকসেবী জামালের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য তদন্ত শেষে বলা যাবে।