মাদকসেবী ছেলে ও ভাইকে ধরিয়ে দিলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে তারা মাদকসেবন করছিল। অনেক অনুরোধ ও নিষেধ করার পরও তারা এ মরণনেশা ছাড়ছিল না। শেষে বাধ্য হয়ে এক মা তাঁর ছেলেকে এবং এক স্ত্রী তাঁর স্বামীকে পুলিশে সোপর্দ করেছেন।দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত রোববার এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এদের মধ্যে বিরামপুর পৌর শহরের পূর্বপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে লিপুনকে (৩২) হেরোইন সেবনের অপরাধে এক বছর ও গাঁজা সেবনের দায়ে একই এলাকার শহিদুল ইসলামকে (৩৫) দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিরামপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লিপুন দীর্ঘদিন ধরে হেরোইন সেবন করছিল। কোনো অবস্থায়ই তাকে এই পথ থেকে ফেরানো যাচ্ছিল না। এ অবস্থায় তাঁর মা মনজিলা বেগম এ বিষয়ে থানায় অভিযোগ করেন। পরে রোববার সকালে পুলিশ লিপুনকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শওকত ওসমানের সামনে হাজির করেন। বিকাল তিনটায় তিনি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে লিপুনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিরামপুর থানা সূত্রে আরও জানা গেছে, পূর্বপাড়ার শহিদুল ইসলামও দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করছিল। তাঁর স্ত্রী রোকসানা বেগম তাঁকে এ নেশা ছাড়ার জন্য অনেক অনুরোধ করেছেন। কিন্তু তিনি নেশা ছাড়েননি। তাই রোকসানা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। পরে বেলা দুইটার দিকে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে শওকত হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। আদালত তাঁকে বিকেল তিনটার দিকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন।