মাদকসেবী ছেলেকে অস্ত্রসহ পুলিশে দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্যের নেশা পেয়ে বসেছিল যুবক মেহেদী হাসানকে (২৮)। ঘর থেকে নেশার টাকা জোগাড় না হলে অস্ত্রের ভয় দেখিয়ে অন্যের কাছ থেকে তিনি বাগিয়ে নিতেন সে টাকা। বাবা ও পরিবারের সদস্যরা অনেক বুঝিয়েও তাঁকে এ পথ থেকে ফেরাতে পারেননি। বরং হিতে বিপরীত হয়েছে। একপর্যায়ে বাবা এনামুল হক তাঁর পরিবার ও সমাজের জন্য হুমকি এই সন্তানকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত নেন। গতকাল বুধবার বাড়িতে পুলিশ ডেকে তিনি ধরিয়ে দেন ছেলেকে। মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গতকাল দুপুরে মেহেদীর বাবার আহ্বানে পুলিশ ওই বাড়িতে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ তাঁর দেহতল্লাশি করে কোমর থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মেহেদীর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করেছে।এনামুল হক জানান, মেহেদী পড়াশোনায় ভালো ছিল। এসএসসি পাসের পর সঙ্গদোষে সে মাদকসেবী হয়ে পড়ে। একপর্যায়ে মেহেদী পড়াশোনা বন্ধ করে। নেশার টাকা জোগাড়ে সে প্রায়ই ঘরের জিনিসপত্র গোপনে বিক্রি করত। এমনকি সোনার গহনাও বাদ যায়নি। পরে সে এই টাকা জোগাড় করতে হাতে অস্ত্রও তুলে নেয়। এনামুল হক বলেন, পরিবার ও সমাজকে রক্ষা করতেই মেহেদীকে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন।