মাদকসেবী ঠেকানোর অজুহাতে গাছ নিধন
সৌন্দর্য বাড়াতে প্রায় ১০ বছর আগে বগুড়া রেলস্টেশনের প্রধান ফটকের সামনে লাগানো হয়েছিল বেশ কিছু দেবদারু গাছ। গাছ বেয়ে মাদকসেবীরা স্টেশন ভবনের ছাদে উঠে আড্ডা বসায়—এমন অজুহাতে গাছগুলো কেটে ফেলা হয়েছে।বগুড়া রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মো. বেলাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, দেবদারু গাছগুলো স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ছায়া দিয়ে আসছিল। যাত্রীসহ শ্রমজীবী মানুষ এ গাছগুলোর নিচে বিশ্রাম নিত। কিন্তু কী কারণে এবং কার অনুমতি নিয়ে গাছগুলো কাটা হয়েছে, তা তিনি জানেন না। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, প্রকৌশল শাখার একজন কর্মকর্তা মাদকসেবীদের ঠেকানোর অজুহাতে গাছগুলো কেটে ফেলেছেন।রেলওয়ে বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক দাবি করেন, এসব গাছ বেয়ে হেরোইনসেবীরা স্টেশনের ছাদে উঠে আখড়া বসাত। ছাদে পানি সরবরাহের পাইপ চুরি করত। তাদের ঠেকাতেই রেলওয়ে বিভাগীয় প্রকৌশলীর নির্দেশে ফটকের ওই ১৫টি দেবদারু গাছের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, হেরোইনসেবীদের দমনে রেলওয়ে পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি।অভিযোগ অস্বীকার করে রেলওয়ে পুলিশের বগুড়া স্টেশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী সাইদুর রহমান বলেন, হেরোইনসেবীদের একাধিকবার আটক করে থানায় নেওয়া হয়েছে, কিন্তু তারা অল্পবয়সী কিশোর হওয়ায় পরে ছেড়ে দিতে হয়েছে। গাছ কেটে হেরোইনসেবীদের ঠেকানো সম্ভব নয়। রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (লালমনিরহাট) আসাদুল হক বলেন, বগুড়া রেলস্টেশনের প্রধান ফটকের গাছ কাটার ব্যাপারে কেউ তাঁর কাছে অনুমতি নেয়নি এবং বিষয়টি তাঁকে জানানোও হয়নি।