মাদকসেবী, তাঁর পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে বরাবরই প্রথম হতেন। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছেন। এসএসসিতে স্টার মার্কসহ এইচএসসিতে প্রথম বিভাগে পাস করার কৃতিত্ব রয়েছে। এরপর লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অথচ মেধাবী এ শিক্ষার্থী এখন মাদকসেবী। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি বাসায় ভাঙচুর চালান।
এমন আচরণে অতিষ্ঠ মা থানায় গিয়ে ছেলেকে আটকের আবেদন করেন। অবশেষে পুলিশ গত বুধবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর গ্রাম থেকে জহিরুল ইসলাম (৩০) নামের ওই মাদকসেবীকে আটক করেছে।
জহিরুলের মা মনোয়ারা বেগম (৬৫) বলেন, ‘আমার তিন ছেলে ও এক মেয়ে। সবাই শিক্ষিত। ছোট ছেলে জহিরুল ছিল সবচেয়ে মেধাবী। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া ছেলেটার জীবন মাদক ধ্বংস করে দিল। ওকে ভালো করার অনেক চেষ্টা করেছি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে থানায় সোপর্দ করেছি।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ জানান, তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, পৌরসভার সবুজনগর গ্রামের প্রয়াত ব্যাংক কর্মকর্তা মোশারেফ হোসেন তালুকদারের ছেলে জহিরুল ইসলাম। ১৯৯৯ সালে এসএসসি পরীক্ষায় মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশন থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্টার মার্কসহ প্রথম বিভাগে পাস করেন। এরপর ভর্তি হন বরিশাল অমৃত লাল দে কলেজে। সেখানে পড়ার সময় প্রথম মাদকাসক্ত হয়ে পড়েন। এতে লেখাপড়ায় বিঘ্ন ঘটে। ২০০১ সালে নির্দিষ্ট সময় এইচএসসি পরীক্ষায় অংশ নেননি তিনি।
এক বছর বিরতির পর ২০০২ সালে প্রথম বিভাগে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। কিন্তু নেশা তাঁর পিছু ছাড়েনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জুটে যায় কিছু মাদকসেবী বন্ধু। তাঁদের সংস্পর্শে নিয়মিত মাদক সেবন করতেন। ওই সময় একপর্যায়ে তিনি কিছুদিন মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। পরে কিছুটা সুস্থ হন এবং বিএসএস সমঞ্চান শ্রেণীতে দ্বিতীয় বিভাগে পাস করেন। এরপর বাড়ি চলে যান। স্থানীয় মাদকসেবীদের সঙ্গে মিশে জড়িয়ে পড়েন অনৈতিক কাজে।