মাদকসেবী ৪৬ লাখ, বছরে খরচ ২৫ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রায় ৪৬ লাখ লোক মাদকাসক্ত। এরা মাদকের পেছনে বছরে ব্যয় করছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। মাদক নিয়ন্ত্রণে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ২০১০ সালের মাদক পরিস্থিতি নিয়ে বার্ষিক মাদক প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দেশের ১৭ জেলার ৫১টি সীমান্ত দিয়ে মাদক আসছে। মাদক পাচারের নিত্যনতুন অভিনব উপায় বের করছে পাচারকারীরা।প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মোট অপরাধের ৩০ শতাংশ মাদক-সংশ্লিষ্ট। আর ৭০ শতাংশ অপরাধের পেছনের সরাসরি বা অপ্রত্যক্ষভাবে আছে মাদক ব্যবসা। দেশের মোট মাদকাসক্তের ৮০ ভাগই যুবক বলে তিনি উল্লেখ করেন।সরকারের বার্ষিক মাদক প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী ১৭ জেলা দিয়ে মাদক আসছে। জেলাগুলো হলো—সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও কক্সবাজার। এতে বলা হয়, দেশে মাদক উৎপাদন হয় না বললেই চলে। এসব জেলার সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, লুপিজেসিক বা টিডিজেসিক (বুপ্রেনঅরফিন) ও গাঁজা পাচার হয়ে আসছে।প্রতিবেদনের তথ্যানুযায়ী ২০০৬ সালে মাদকসংক্রান্ত মামলায় দেশে মোট সাড়ে ১৮ হাজার ব্যক্তি অভিযুক্ত হয়েছিল। আর ২০১০ সালে সে সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। এ বছর গ্রেপ্তার হয়েছে সাড়ে ৩৭ হাজার।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু তালেব বলেন, চার বছরে দেশে মাদক পাচারকারীর সংখ্যা বেড়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীগুলো বিশেষ করে র‌্যাব ও পুলিশের তৎপরতাও বেড়েছে। এর ফলে মাদক উদ্ধার ও গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী।স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যের বিপরীত চিত্র: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার কোটি টাকার মাদক বাণিজ্যের কথা বললেও বার্ষিক মাদক পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বড় পরিসরে মাদক ব্যবসায়ী চক্র নেই। বাংলাদেশ মূলত মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার হয়ে থাকে। এ দেশে কিছু মাদক উৎপাদনও হয়। মাদক উৎপাদনকারী গোল্ডেন ট্রায়াঙ্গেল ও গোল্ডেন ক্রিসেন্টের পার্শ্ববর্তী হওয়ায় তারা মূলত বাংলাদেশের ওপর দিয়ে মাদক পাচার করে। এ কারণে মাদকজনিত মুদ্রার প্রবাহ বাংলাদেশের অর্থনীতিকে খুব সামান্যই প্রভাবিত করতে পারে।কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি মাদক ব্যবসায়ীরা খুব কমই আন্তর্জাতিক বড় চক্রের সঙ্গে জড়িত রয়েছে। এখানে যেসব মাদক ব্যবহূত হচ্ছে, তার শুদ্ধতার মাত্রাও অনেক কম। যেমন, এখানে যে হেরোইন আসে, তার শুদ্ধতার মাত্রা শতকরা তিন থেকে পাঁচ ভাগ। এ রকম এক কেজি হেরোইনের দাম ১০ লাখ টাকার মতো। আর বাংলাদেশি পাচারকারীরা সাধারণত গড়ে ৫০ থেকে ৩০০ গ্রাম হেরোইন বহন করে। দেশের ইতিহাসে একসঙ্গে সর্বোচ্চ পাঁচ কেজি হেরোইন উদ্ধারের নজির রয়েছে। এসব মাদক মূলত পথেঘাটে বিক্রির জন্য আসে। যেগুলো বিক্রয়লব্ধ অর্থ দেশের অর্থ-ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে না।