মাদকসেবীদের অপরাধপ্রবণতা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌর শহরে মাদকসেবীদের অপরাধপ্রবণতা বেড়েছে। চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। পৌরসভার একজন কাউন্সিলরের ভাষ্যমতে, গত ছয় মাসে মাদকসেবীরা প্রায় ২৫০টি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। এতে শঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী।পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত দুই মাসে মাদকাসক্তদের অপরাধ প্রবণতা বন্ধে চারজন মাদক বিক্রেতা ও ৫৬ জন নেশাগ্রস্তকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ২২ জন মাদক বিক্রেতা ও ১৮১ জন নেশাগ্রস্তকে গ্রেপ্তার করা হয়েছে।পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ বাগচীর ভাষ্যমতে, দেশে রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সঙ্গে শেরপুর শহরে গত দুই মাসে বিভিন্ন ধরনের মাদক বেচাকেনা বেড়েছে। শহর ও শহরসংলগ্ন বিভিন্ন এলাকায় শতাধিক স্থানে মাদক বিক্রি হয়ে আসছে। তবে বেশির ভাগ বিক্রেতাই রয়েছে পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এ কারণে অপরাধ প্রবণতা আগের তুলনায় বেড়েছে। ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেঞ্চদ বলেন, গত ছয় মাসে বিভিন্ন এলাকায় পৌরসভার লাগানো ৫০টি নলকূপের মাথা, বৈদ্যুতিক খুঁটিতে লাগানো প্রায় ৫০ হাজার টাকার বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব চুরি হয়েছে। পাঁচটি ছিনতাই এবং শতাধিক বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে অন্তত ২৫০টি অপরাধ কর্মকাণ্ড ঘটেছে। তাঁর জানামতে, প্রতিটি ঘটনার সঙ্গে মাদকসেবীরা জড়িত।পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, শহরবাসীর এই সমস্যা নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায়ও আলোচনা হয়েছে। তিনি বলেন, মাদক বিক্রেতাদের আইনের আওতায় না আনতে পারলে মাদকসেবীদের গ্রেপ্তার এবং সাজা দিয়েও কোনো সুফল আসবে না। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শেরপুরে মাদকদ্রব্য কেনাবেচা বেড়েছে। এ কারণে মাদকসেবীদের অপরাধ প্রবণতা বেড়েছে। মাদকসেবী ও বিক্রেতারা জেল থেকে বের হয়ে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে তাদের নির্মূল করা সম্ভব হয়ে ওঠে না। তবে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।