মাদকসেবীদের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। বিক্রেতাদের ঘরে, উঠানে, পাশের রাস্তায় বসে মাদকের আসর। মাদকসেবীদের শোরগোল, চেঁচামেচি, হাতাহাতি এখানে প্রতিদিনের ঘটনা। এ চিত্র কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা (মগপাড়া) এলাকার। শুধু চেরাংঘাটাই নয়, উপজেলার অন্তত ৩০টি স্থানে হাত বাড়ালেই চোলাই মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক মেলে। ফলে দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে এলেও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের লোকজন মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা, মেরংলোয়া, শ্রীকুল, উত্তর ফতেখাঁরকুল (ফারিকুল), ফকিরাবাজার, তেমুহনী, রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল, রামকোট, পাঞ্জাখানা, দরগাহ পাড়া, জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকা, হাসপাতালপাড়া, উত্তর মিঠাছড়ি এবং ঈদগড়, কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নের অন্তত ৩০টি স্থানে চোলাই মদ, হেরোইন, গাঁজা, ফেনসিডিল বেচাকেনা চলে। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য সন্তোষ বড়ুয়া জানান, মাদকের সহজলভ্যতার কারণে তাঁর এলাকার শতাধিক কিশোর-যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। আর মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের আস্তানাগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় অনেকে অভিযোগ করেছেন, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ ব্যবসা চলছে। মাদক নির্মূলে শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। মুঠোফোনে যোগাযোগ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রামু সার্কেলের পরিদর্শক ধনঞ্জয় জানান, ঘুষ নিয়ে মাদক ব্যবসায়ীদের সহযোগিতার ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন এবং শিগগির মাদকের আস্তানায় অভিযান চালাবেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান পিপিএম বলেন, পুলিশ মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছে, এমন অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।