মাদকসেবীদের দিয়ে গর্ত ভরাট
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গাঁজাসহ আটক ১৫ যুবককে দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নির্মাণাধীন একটি স্কুলঘরের পাশের একটি গর্ত ভরাটের কাজ করানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাহী হাকিম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউসুল আজম ওই সাজা দেন।
ইউএনও গাউসুল আজম বলেন, গতকাল বেলা দুইটার দিকে কয়েকজন মাদক বিক্রেতা কৌশলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত চাঁদমারী বস্তির সামনে গাঁজা বিক্রি করছিলেন। তাঁদের কাছ থেকে গাঁজা কিনে ফেরার সময় জুয়েল, রবিন, নাহিদ, নজরুল ইসলাম, মানিক, সজীব, সোহেল, আশিদুল ইসলাম, অটোরিকশাচালক জাহাঙ্গীরসহ ১৫ জনকে আটক করা হয়। পরে সাজা হিসেবে তাঁদের দিয়ে চাঁদমারীতে নির্মাণাধীন একটি স্কুলের মাটি ভরাটের কাজ করানো হয়। সন্ধ্যা পর্যন্ত তাঁদের দিয়ে কাজ করানোর পর ছেড়ে দেওয়া হয়।
মাদকসেবীদের আটকের পর চাঁদমারী বস্তির রাসেলের ঘর থেকে এক কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।