মাদকসেবীদের নির্বাচনী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল (সদর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। ইতিমধ্যে তাঁদের প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে।তবে এবারের নির্বাচনে মিছিল ও জনসভা নিষিদ্ধ করায় প্রার্থী ও তাঁদের আত্মীয়স্বজনের পাশাপাশি প্রার্থীর পক্ষে রিকশাচালক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী লোকজন প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে মাদকসেবী ও বখাটে লোকজনও রয়েছেন। তাঁরা টাকার বিনিময়ে একেক দিন একেক প্রার্থীর পক্ষে প্রচারণা চালান ও ভোটপ্রার্থনা করেন।ফতেখাঁরকুল (সদর) ইউপির প্রার্থী তিনজন হলেন—সিরাজুল হক (আনারস), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম (দেয়াল ঘড়ি) ও সিরাজুল ইসলাম (তালা)। রামুর মেরংলোয়া এলাকার ভোটার আবদুল্লাহ আল মাহমুদ জানান, গত সোমবার চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক ও ফরিদুল আলমের পক্ষে দলে দলে লোক ভোট চাইতে আসেন। তাঁদের বেশির ভাগই ছিলেন রিকশাচালক ও দিনমজুর। তিনি বলেন, ‘একজন কর্মী তো ফরিদুল আলমের (দেয়াল ঘড়ি) নাম ধরে দোয়া চেয়ে, ভোট দিতে বলছেন তালা মার্কায়। কথিত সমর্থকদের মধ্যে প্রায়ই এমন ঘটনা ঘটছে।’একই এলাকার ভোটার দেলওয়ারুল ইসলাম ও ছালামত উল্লাহ জানান, রিকশাচালক, দিনমজুরেরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পড়ায় এখন বেশি টাকা দিয়েও কাজের লোক পাওয়া যাচ্ছে না।হাইটুপি এলাকার কয়েকজন ভোটার জানান, গত সোমবার সিরাজুল ইসলামের তালা মার্কার পক্ষে স্থানীয় কিছু লোক বাড়ি বাড়ি ভোট চাইতে আসেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন মাতাল। প্রার্থীরা ভালো-মন্দ বিচার না করে দিনে ২০০ থেকে ৫০০ টাকা দিয়ে শ্রমজীবী লোকদের নির্বাচনী কাজে ব্যবহার করছেন। একই লোক আজ এক প্রার্থীর আবার অন্যদিন টাকা বেশি পেলে অন্য প্রার্থীর হয়ে কাজ করছেন। এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন এবং প্রার্থীদের ওপর ক্ষুব্ধ হচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক হাইটুপি এলাকার কয়েকজন রিকশাচালক বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করার কথা স্বীকার করে জানান, বর্ষাকালে রিকশা চালানো খুব কষ্টকর। তাই পেটের দায়ে এ কাজ করছেন। যে প্রার্থী টাকা বেশি দেন, ওই দিন ওই প্রার্থীর পক্ষে ভোট চাইতে যান। তবে এ কাজ করতে গিয়ে মাঝেমধ্যে প্রতারিতও হচ্ছেন বলে জানান তাঁরা। চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘টাকার বিনিময়ে নয়, আমাকে ভালোবেসে এলাকার মানুষ আমার পক্ষে প্রচারে নেমেছেন।’ তাঁর পক্ষে মাদকসেবীরা প্রচারণায় নামার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। অপর দুই চেয়ারম্যান প্রার্থীও একই কথা বললেন।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, টাকার বিনিময়ে লোকজনকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা আচরণবিধি লঙ্ঘন। অনেক প্রার্থী আচরণবিধি সম্পর্কে জানেন না। আচরণবিধি না মানায় ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থীকে জরিমানাও করা হয়েছে। রামুর ১১টি ইউনিয়নের মধ্যে গর্জনিয়া, কচ্ছপিয়া, রশিদনগর, ঈদগড় ও কাউয়ারখোপ ইউনিয়নে ২৫ জুন এবং ফতেখাঁরকুল, রাজারকুল, চাকমারকুল, জোয়ারিয়ানালা, দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নে ২৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।