মাদকসেবীদের পিটুনিতে...
মাদক সেবনের প্রতিবাদ করায় বগুড়ার ধুনটে এক শ্রমিক লীগের নেতা ও তাঁর সহযোগীরা এক দম্পতিকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্রমিক লীগের নেতা ইউনুস আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ধুনট পৌর এলাকার সদরপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শ্রমিক লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, তাঁর চাচাতো ভাই লালন ও ওয়াসীম যুবলীগের উপজেলা শাখার সদস্য উত্তম কুমারের বাড়িতে বসে একসঙ্গে মাদক সেবন করে বেসামাল হয়ে চিৎকার করছিলেন। এ সময় উত্তমের বড় ভাই ধুনট পরিবহন শ্রমিকনেতা প্রতুল চন্দ্র সাহা (৫০) বাড়িতে ঢুকে মাদক সেবনের প্রতিবাদসহ তাঁদের গালাগাল করেন। এ সময় উত্তম পালিয়ে গেলেও বাকিরা ক্ষিপ্ত হয়ে প্রতুল ও তাঁর স্ত্রী রমা রানীকে মারধর করে তাঁদের ঘরে ভাঙচুর চালান। পরে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনুস আলীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ধুনট থানার এসআই এনায়েত কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইউনুস আলীকে গত শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে প্রতুল চন্দ্র সাহা বাদী হয়ে ইউনুস আলী, লালন, লাল মিয়া, ওয়াসীম, আবদুল রশিদসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
ওয়াসীম দাবি করেন, প্রতুলের ভাই উত্তমের সঙ্গে মাদক সেবনের সময় মুঠোফোনের সিম নিয়ে বিরোধ হয়। এ সময় প্রতুল তাঁদের মারধর করলে তাঁরাও তাঁকে পাল্টা মারধর করেন। তবে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।