কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. হাসিবুল হক (৩৭) দুজন মাদকসেবীর হাতে খুন হন। ঘটনার চার মাস পর গত মঙ্গলবার ওই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আফছাদুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি পুলিশের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা এবং গত বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চলতি বছরের ৫ এপ্রিল সকাল আটটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ভবন ‘মেঘনা’র নিচতলার একটি কক্ষ থেকে হাসিবুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার মজুমদার বলেন, হাসিবুলের লাশ উদ্ধারের পর কোতোয়ালি মডেল থানায় হাসপাতালের পরিচালক হাবিব আবদুল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী ওই মামলার তদন্তের দায়িত্ব দেন ডিবি পুলিশকে। ১৫ দিন আগে পুলিশ নগরের টমছমিব্রজ এলাকার এক টোকাইয়ের ঘর থেকে চিকিৎসক হাসিবুলের মুঠোফোন উদ্ধার করে। ওই মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে গত মঙ্গলবার বিকেলে আফছাদুলকে সদর দক্ষিণ উপজেলার দৈয়ারা গ্রাম থেকে আটক করা হয়। ওই দিন রাতেই ডিবির কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বর্ণনা দেন আফছাদুল।
আফছাদুল পুলিশকে জানান, ৩ এপ্রিল কুমিল্লার বিভিন্ন স্পটে আফছাদুল ও তাঁর এক বন্ধু এবং চিকিৎসক হাসিবুল মাদক সেবন করেন। বিকেলে তাঁরা হাসিবুলের কক্ষে ইয়াবা সেবন করেন। এরপর আফছাদুল ও তাঁর বন্ধু বাড়ি ফিরে যান। রাত ১১টার দিকে আফছাদুলের বন্ধু তাঁকে আবারও চিকিৎসক হাসিবুলের কোয়ার্টারে ডেকে নেন। রাত ১২টার দিকে মাদক সেবনের সময় হাসিবুলের সঙ্গে তাঁদের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে হাসিবুল খাট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। এরপর তাঁরা হাসিবুলকে খাটের মধ্যে শুইয়ে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেন এবং তাঁর মুঠোফোনটি নিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। পরে তাঁরা ওই মুঠোফোনটি নগরের রামমালা সড়ক এলাকার একটি নালায় ফেলে দেন।
গত বুধবার দুপুরে আফছাদুলকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। সেখানে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি হাসিবুলের হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
হাসিবুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর বাড়ি পাবনা জেলায়। তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে চিকিৎসা কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৩ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন তিনি। কর্মস্থলে হাসিবুল অনিয়মিত ছিলেন। প্রেমে ব্যর্থতা ও পারিবারিক জীবনে অশান্তি থাকায় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।
এসপি টুটুল চক্রবর্তী বলেন, ‘হত্যাকাণ্ডে দুজন অংশ নেয়। আমরা একজনকে গ্রেপ্তার করতে পেরেছি। অন্যজনকে খোঁজা হচ্ছে।’