মাদকসেবীদের হামলায় মহেশখালীতে আহত ৮
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শুক্রবার মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকসেবীদের হামলায় আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে গতকাল শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অনেক দিন ধরে উপজেলার পুটিবিলার বানিয়ার দোকানের সামনে একই এলাকার জাগিরাঘোনার কিছু মাদকসেবী মদ ও জুয়ার আসর বসিয়ে আসছিলেন। এলাকাবাসী এর প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। গত শুক্রবার রাতে মুহরীর ডেইল এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে মদ ও জুয়ার আসরে বাধা দিলে দুর্বৃত্ত ও মাদকসেবীরা মিলে এলাকাবাসীর ওপর হামলা চালায়। এতে আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে গতকাল সকালে আবদুল গফুর, আবদুল মালেক, আবু তাহের ও মকছুদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে পৌর এলাকার বলরামপাড়ার একটি মদের কারখানা বন্ধ করে দিয়েছে। এ সময় তিন হাজার লিটার চোলাই মদ ও মাদক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী শোভা রানী দে, জুনু রাম দে ও আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, হামলার ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ বাদী হয়ে ওই তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে।