মাদকসেবীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামে মাদকসেবী এক তরুণের ছুরিকাঘাতে সালমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
গতকাল সোমবার সকাল সাতটায় গাড়িদহ ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মেয়ে শাপলাকে (৪) নিয়ে ওই গৃহবধূ মুদি দোকানে যাচ্ছিলেন। নিহত সালমার স্বামী মনির হোসেন ইটভাটার শ্রমিক। সালমা তিন সন্তানের মা ছিলেন।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, সালমার মৃত্যুতে তাঁর স্বামী নির্বাক। মাকে হারিয়ে ডুকরে কাঁদছে সন্তানেরা। তাদের সান্ত্বনা দিতে এসেছেন গ্রামের নারী-পুরুষেরা। তাঁদের অনেকের অভিযোগ, গ্রামের মাদকাসক্ত তরুণ এনামুল হক (২২) উপর্যুপরি ছুরিকাঘাত করে সালমাকে হত্যা করেছেন। তাঁরা এনামুল হককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সালমার স্বামী বলেন, গত বৃহস্পতিবার তাঁর স্ত্রী বাবার বাড়ির অংশের পৈতৃক সম্পত্তি এক লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। এই টাকা দিয়ে তাঁরা বনমরিচা গ্রামে একটি জায়গা কেনার মনস্থির করেন। প্রতিবেশী এনামুল হক তাঁদের কাছে জমি বিক্রি করতে চান। এতে তাঁরা রাজি না হলে এনামুল ক্ষুব্ধ হন। এ কারণেই এনামুল তাঁর স্ত্রীকে হত্যা করেছেন।
বনমরিচা গ্রামের বাদশা মিয়া বলেন, এনামুল নেশাগ্রস্ত। মাঝেমধ্যে ভ্যান-রিকশা চালিয়ে এবং নিজের সম্পত্তি বেচে সেই টাকা দিয়ে প্রতিদিনই গাঁজা-হেরোইন সেবন করেন। তাঁর অত্যাচারে গ্রামের অনেকেই অতিষ্ঠ। একই কথা বলেন ওই গ্রামের আলী আকবর। গাড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী বলেন, এনামুল প্রায় এক বছর আগেও গ্রামের আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছিলেন।
শেরপুর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনার পরই এনামুল পালিয়ে যাওয়ায় এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহত সালমার পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।