মাদকসেবীর হাতে মাদকসেবী খুন!
ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামে এক মাদকসেবী খুন করেছেন আরেক মাদকসেবীকে। এ ঘটনায় পুলিশের হাতে আটক মাদকসেবীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয় বখাটেরা। পুলিশ সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় আন্ধারকোঠা গ্রামের বাবুরবাগের তালতলা নামক স্থানে একটি ডোবায় আগলা চৌকিঘাটা গ্রামের মাদকসেবী শহিদুল ইসলামের মৃতদেহ ভাসতে দেখা যায়। এলাকাবাসীর কাছে খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। উদ্ধার তৎপরতা চলার সময় আশপাশে ঘোরাফেরা করতে থাকা মো. পলিন নামের স্থানীয় আরেক মাদকাসক্ত যুবককে আটক করে পুলিশ। গাড়িতে তোলার সময় পলিনের সহযোগীরা তাঁকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করেন। তবে পুলিশ দ্রুত পলিনকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। এলাকাবাসী জানান, শহিদুল ও পলিন এলাকার চিহ্নিত মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার ঘটনাটি ঘটেছে।