মাদকসেবীসহ আটজনের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদক বিক্রেতা ও পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে বগুড়ার ধুনটে মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে যুবলীগের নেতাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়।
শাহজাদপুর উপজেলার ইউএনও শামীম আহমেদ ও ধুনটের ইউএনও হাফিজুর রহমান এই সাজা দেন।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আদালত মাদক (গাঁজা) বিক্রেতা আবদুল হাইকে দুই বছর, মাদকসেবী মনিরুল ইসলামকে দুই মাস, রবি শেখ, শাহান আলী ও শফিকুল ইসলামকে ছয় মাস করে এবং মঈন উদ্দীনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে র্যাব-১২ ও পুলিশ সদস্যরা শাহজাদপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনকালে তাঁদের আটক করে।
এদিকে বগুড়ার ধুনটে সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (২২) ও চিকাশি ইউনিয়নের বড়িয়া গ্রামের খলিলুর রহমান (৪৫)।
ধুনট থানার এসআই ফারুক হোসেন বলেন, মাদক সেবন করে এলাঙ্গী গ্রামের দুর্গাপূজা মণ্ডপে মাতলামি করে পরিবেশ বিঘ্নিত করার অভিযোগে মঙ্গলবার রাত আটটার দিকে সুলতান মাহমুদকে আটক করা হয়। একই অভিযোগে মাদকাসক্ত অবস্থায় খলিলুর রহমানকে তাঁর এলাকা থেকে সন্ধ্যায় আটক করে পুলিশ।