মাদকাসক্ত ছাত্রলীগ নেতা-কর্মী শনাক্তে রক্ত পরীক্ষা!
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মাদকাসক্ত ছাত্রলীগ নেতা-কর্মীদের শনাক্ত করতে রক্ত পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলার বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গত সোমবার রাতে ছাত্রলীগের একপক্ষ হট্টগোল করে ভাঙচুরের চেষ্টা করে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন, দুটি কলেজ ও দুটি উপকেন্দ্রে ছাত্রলীগের কমিটি গঠনের কাজ চলমান। ইতিমধ্যে উপজেলার বড়খাতা, সানিয়াজান, ফকিরপাড়া, নওদাবাস, ডাউয়াবাড়ী ও টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। কমিটি গঠন সামনে রেখে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কমিটিতে আসতে আগ্রহী বা উদ্যোগীদের মাদকমুক্ত থাকা বা না-থাকার প্রমাণের জন্য রক্ত পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে রক্ত পরীক্ষার বিষয়টি স্থানীয় সচেতন মহলসহ ছাত্রলীগের কেউ কেউ এটিকে শুভ উদ্যোগ বলেছেন। তবে সংগঠনের অনেক নেতা-কর্মী অভিযোগ তুলেছেন, এই অজুহাতে অনেক নেতাকে কমিটির বাইরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে।
এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি তফিউজ্জামান বলেন, ‘ছাত্রলীগের কমিটিতে আসতে আগ্রহীরা মাদকাসক্ত কি না, তা প্রমাণের জন্য রক্ত পরীক্ষা, অতীতের ছাত্র সংগঠন এবং পারিবারিক রাজনৈতিক ইতিহাস জানার উদ্যোগ নিয়েছি। এতে ধন্যবাদ এবং হুমকি দুটোই পেয়েছি।’ জুয়েল আরও বলেন, বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে ১২ জন প্রতিযোগিতায় (ভোটে) আসতে আগ্রহী হয়েছেন। তবে মাদকমুক্ত সনদের কথা জানতে পেরে ছয়জন তাঁদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা-কর্মী শুধু হাতীবান্ধায় নয়, লালমনিরহাট জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে একই ধরনের কার্যক্রম গ্রহণ করা জরুরি বলে মত দিয়েছেন।
লালমনিরহাট জেলার ২৮১ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন মাদকদ্রব্য প্রতিনিয়ত ঢুকছে। অভিযোগ রয়েছে, এর সঙ্গে মাদকসেবী ও ব্যবসায়ী হিসেবে চিহ্নিত একশ্রেণীর ছাত্র, যুবক, রাজনৈতিক নামধারীরা জড়িত আছেন। তাই রক্ত পরীক্ষার মাধ্যমে মাদকাসক্তির প্রমাণ জরুরি বলে মনে করেছে স্থানীয় সচেতন মহল।