মাদকাসক্ত ছেলেকে আদালতে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে অত্যাচার সইতে না পেরে বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে জেলহাজতে পাঠানোর জন্য ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেছেন।বাবার এই অভিযোগের ভিত্তিতে গত রোববার রাত আটটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দেন।আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে উজ্জ্বল (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ কারণে উজ্জ্বল এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন।বাহাদুর আলী বলেন, ‘নিজের সম্মান বাঁচাতে মাদকাসক্ত ছেলেকে আদালতে সোপর্দ করেছি। আমি আদালতের কাছে তার জন্য আরও বেশি সাজা চেয়েছিলাম। এলাকার পরিবেশ ছেলেকে নষ্ট করেছে। জেলহাজত থেকে ভালো হয়ে বের হলে আমি তাকে দেশের বাইরে পাঠাব।’আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি বলেন, ‘বাহাদুর আলীর ফরিয়াদে উজ্জ্বলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি।’ এ ছাড়া উপজেলার চিকাশি গ্রামের রহু রবিদাসের ছেলে গণেশ রবিদাসকে (৪৫) মাদকদ্রব্য বিক্রির অভিযোগে এক বছর ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।ধুনট থানার পুলিশ পরিদর্শক (ওসি) তোজাম্মেল হক বলেন, দণ্ড পাওয়া উজ্জ্বল ও গণেশ রবিদাসকে গতকাল সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।