মাদকাসক্ত ছেলেকে জেলে দিতে আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার ছোট সন্তান হওয়ায় মোর্শেদুল ইসলাম (১৮) সবচেয়ে বেশি আদর পেতেন। আদরের সেই সন্তানটি ধীরে ধীরে গাঁজায় আসক্ত হয়ে পড়েন। শুরু করে মা-বাবার ওপর নির্যাতন। অনেক চেষ্টা করেও ভালো করতে না পেরে সন্তানকে জেলে দিতে পুলিশের কাছে আবেদন করেছেন তাঁর বাবা।
মোর্শেদুলের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানিকাঁঠাল (বাঘাড়পাড়া) গ্রামে। তিনি হোটেল ব্যবসায়ী আজাহার আলীর ছোট ছেলে। আজাহার আলী গতকাল বুধবার দুপুরে বিরামপুর থানায় প্রথম আলোকে জানান, তাঁর চার ছেলে তিন মেয়ে। মোর্শেদুল সবার ছোট। সে স্থানীয় কোঁচগ্রাম উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছেন। পাঁচ বছর আগে তিনি ঢাকায় রিকশা চালাতে যান। গত দুই বছর থেকে মোর্শেদুল গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়েন।
বিষয়টি টের পেয়ে দুই বছর আগে মোর্শেদুলকে ঢাকা থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। এরপর ছেলেকে নেশার আসক্তি থেকে ভালো করতে বিভিন্ন জায়গায় চিকিৎসা করান। কিন্তু কোনো ফল হয়নি। উল্টো নেশার টাকার জন্য মোর্শেদুল বাড়ির জিনিসপত্র চুরি করতে থাকেন। একসময় টাকার জন্য মা-বাবার ওপর নির্যাতন শুরু করেন। ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে মা মাজেদা বেগম দুই সপ্তাহ আগে পার্শ্ববর্তী বাঘলপাড়া গ্রামে বড় মেয়ে রোখছানা বেগমের কাছে চলে যান।
অবশেষে কোনো পথ না পেয়ে বাধ্য হয়ে নিজের সন্তানকে আটক করে আইনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত নেন। গতকাল দুপুরে পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন আজাহার আলী। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামনে ঈদ। এ সময় প্রতিটি মা-বাবা সন্তানকে কাছে চান। অথচ নেশার ভয়াবহতায় এ সময়ও আদরের সন্তানকে জেলে দিতে বাবা পুলিশের কাছে আকুতি জানাচ্ছেন।