মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
রাত-দিন আতঙ্কের মাঝে বসবাস। বাড়িতে মাদকাসক্ত ছেলে। মরণনেশা ফেনসিডিল ওকে শেষ করে ফেলেছে। নিজে নেশা করার পাশাপাশি মাদকের ব্যবসাও করে। প্রতিবাদ করায় বাবা-মা, স্ত্রী—কারও গায়ে হাত তোলা বাকি রাখেনি। ত্যক্তবিরক্ত হয়ে গত শুক্রবার রাতে মাদকাসক্ত ছেলে ফরিদুল ইসলামকে (৩০) পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুস সামাদ (৭০)।আবদুস সামাদ জানান, দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের শিকদারগঞ্জে তাঁর বাড়ি। বাজারে ১৭ শতাংশ জমির ওপর একটি বিপণিবিতান আছে তাঁর। যে ভাড়া আসে, ভালোভাবেই চলে যায় সংসার। স্কুল পাস করে কলেজে ওঠার পর স্থানীয় মাদকসেবীদের সঙ্গে যোগাযোগ হয় ফরিদের। ধীরে ধীরে ডুবে যায় ফেনসিডিলের নেশায়।ফরিদের মা গুলশান আরা (৬০) আক্ষেপ করে বলেন, ‘ছেলে ভালো হয়ে যাবে। প্রতিদিন বুঝাই, আদর করি। ভাইবোন সবাই কত বুঝিয়েছে। সুপথে ফেরানো যায়নি ওকে। যদি ভালো হয়ে যায়, ফেনসিডিল ছাড়ে, ছাড়ে অসৎ সঙ্গ। এই আশায় ২০০৭ সালে ছেলের বিয়ে দিয়েছি। কিন্তু ছেলের নির্যাতনে সেই বউ আজ অতিষ্ঠ।’ স্ত্রী লোপা (ছদ্মনাম) জানান, বিয়েতে বাবার বাড়ি, শ্বশুরবাড়ি আর আত্মীয়রা মিলে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার দিয়েছিলেন। মাদকের ছোবলে কিছুই আর অবশিষ্ট নেই। প্রতিদিন নানা কথায়, পান থেকে চুন খসলেই সহ্য করতে হয় শারীরিক ও মানসিক নির্যাতন। শিকদারগঞ্জ বাজারের আজিমুদ্দিন, রফিকুল ইসলামসহ অনেকে বলেন, টাকার জন্য বাবার সঙ্গে ফরিদের প্রায়ই তুমুল ঝগড়া হতো। অশ্লীল ভাষায় বাবাকে গালাগাল করত সে। টাকা না দিলে সবার সামনেই বাবার কলার ধরে টানাহেঁচড়া করত। গতকাল শনিবার কোতোয়ালি থানা হাজতে ফরিদ প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালে চেরাডাঙ্গী উচ্চবিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস করে স্থানীয় কেবিএম কলেজে ভর্তি হয়েছিলেন। নানা কারণে পড়া হয়নি তাঁর। মাদক গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঝেমধ্যে নেশা করি।’ বাবাকে মারধর করার কথা স্বীকার করে বলেন, ‘বাবা আমাকে দেখতে পারেন না। সবার সামনে অপমান করেন। বাধ্য হয়ে আমি খারাপ ব্যবহার করি।’ তবে মা ও স্ত্রীকে মারধরের কথা তিনি অস্বীকার করেছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান ইকবাল জানান, ফরিদের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসা ছাড়াও বাবাকে মারধর, এলাকায় মারামারির অভিযোগ আছে। শুক্রবার রাতে বাবার দায়ের করা মামলায় পুলিশ ফরিদকে গ্রেপ্তার করে।