মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুর গ্রামের আবুল হাসেম নামের এক ব্যক্তি তাঁর ছেলে উজ্জ্বল মিয়ার (১৮) বিরুদ্ধে গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ উজ্জ্বলকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার বিকেলে কারাগারে পাঠায়।
এলাকার অনেকে ও পুলিশ জানায়, উজ্জ্বল মাদকের টাকার জন্য প্রায়ই তাঁর মা-বাবাকে মারধর করতেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখাতেন। গত ২৫ ফেব্রুয়ারি মাদকের টাকার জন্য উজ্জ্বল তাঁর মাকে মারধর করেন। এতে অতিষ্ঠ হয়ে তাঁর মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। গত কয়েক দিন ধরে উজ্জ্বল মাদকের টাকার জন্য তাঁর বাবা আবুল হাসেমকেও মারধর ও ঘরের আসবাব ভাঙচুর করেন। এ ঘটনায় বৃহস্পতিবার আবুল হাসেম থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ওই দিন রাতেই তাঁকে গ্রেপ্তার করে। পরে পুলিশ গতকাল তাঁকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠায়।
আবুল হাসেম বলেন, ‘মাদকের টাকার জন্য প্রায়ই আমাকে, তার মাকে মারধর করে ও ঘরের আসবাব ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে ঘরের বেড়া কেটে ফেলে। তাই ছেলের উৎপাত থেকে রেহাই পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’