মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আল মুকিব (২৬) মাদকাসক্ত। মাদকাসক্ত হয়ে প্রায়ই বাড়ির আসবাব ভাঙচুর করতেন তিনি। নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন। ছেলে মুকিবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ করেন বাবা আবু সাইফ। দ্রুত মুকিবকে আটক করে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। এরপর মুকিবকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেন আদালতের বিচারক। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার প্রথম আলোকে বলেন, মাদকাসক্ত ছেলে মুকিবের অত্যাচার সহ্য করতে না পেরে তাঁর বাবা আজ সকালে নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওই ছেলেকে আটক করে। এরপর দুপুরে অভিভাবকসহ মুকিবকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী মুকিবকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, দণ্ডপ্রাপ্ত মুকিবকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।