মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলে আবদুর রহমানকে (২২) ছয় মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। কক্সবাজারের টেকনাফে এ ঘটনা ঘটে।
আবদুর রহমানের বাবা সৈয়দুর রহমান বলেন, ‘পৃথিবীতে কোনো বাবাই ছেলেকে জেলহাজতে রেখে বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে না। মাদক সেবনে ছেলেটি নষ্ট হয়ে গেছে। তাই ভালো করার চেষ্টায় তাকে পুলিশের কাছে তুলে দিয়েছি।’
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা সৈয়দুর রহমানের অভিযোগের ভিত্তিতে তাঁর ছেলেকে আটক করা হয়। মাদকাসক্ত আবদুর রহমান টাকার জন্য প্রতিনিয়ত বাবা-মা, ভাই-বোনকে শারীরিক নির্যাতন করতেন। বাড়ির আসবাব চুরি করাসহ ছিনতাইয়ের ঘটনাতেও ছেলেটি জড়িয়ে পড়েন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, আবদুর রহমানকে গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।