মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
নীলফামারীতে মাদকাসক্ত ছেলে আবদুস সালামকে (৪০) পুলিশের হাতে তুলে দিলেন তাঁর মা। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত আবদুস সালাম নীলফামারী শহরের নিউ বাবুপাড়া মহল্লার আতিয়ার রহমানের ছেলে।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে আবদুস সালাম গাঁজা সেবন করছিলেন। এ সময় তাঁর মা আলেয়া বেগম থানায় অভিযোগ করলে দুই পুরিয়া গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সাবেত আলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বলেন, গতকাল রোববার সকালে আবদুস সালামকে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুস সালামের মা বলেন, ‘নেশার টাকার জন্য প্রায় সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করত সালাম। টাকা না পেয়ে স্ত্রী-সন্তানদের মারধর করত। শনিবার সন্ধ্যায় গাঁজা সেবনের সময় আমি পুলিশে খবর দিলে পুলিশ গাঁজাসহ তাকে আটক করে।’
তিনি আরও বলেন, ‘আমি নিরুপায় হয়ে তাকে ভালো করার উদ্দেশ্যে হাজতে রাখার জন্য এর আগে ইউএনওর কাছে আবেদনও করেছিলাম।’