মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে আসাদুজ্জামান নূর ওরফে আনন্দ (৪০) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন তাঁর মা। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে নির্বাহী হাকিম তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসাদুজ্জামান নূর কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার এ আদেশ দেন।
সাহেলা আক্তার প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ছেলে মাদকাসক্ত হওয়ায় তাঁর পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রায়ই নেশার টাকার জন্য আসাদুজ্জামান তাঁর মাকে মারধর করতেন। তাই বাধ্য হয়ে তাঁর মা বিষয়টি তাঁদের জানান। অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ছেঁউড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।