মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে গতকাল বুধবার দুপুরে নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন রাহেলা বেগম (৫০)। পরে এই মায়ের অনুরোধে ভ্রাম্যমাণ আদালত ছেলে মো. ইব্রাহীমকে দুই বছরের কারাদণ্ড দেন।
রেল থানা সূত্র জানায়, পার্বতীপুর পৌরসভার ধুপিপাড়া মহল্লার জিন্নাত আলীর মাদকাসক্ত ছেলে ইব্রাহীম নেশার টাকা জোগাতে বাড়ির তৈজসপত্র থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্রও চুরি করে বিক্রি করে দিত। এতে বাধা দিলেই ভাঙচুরসহ মা-বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ, এমনকি মারধর করত ইব্রাহীম। এতে অতিষ্ঠ মা রাহেলা গত মঙ্গলবার বিকেলে পার্বতীপুর রেল থানায় যান। সেখানে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানকে ছেলে ইব্রাহীমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। সন্ধ্যায় থানা-পুলিশের একটি দল মাদকাসক্ত ইব্রাহীমকে আটক করে রেল থানায় নিয়ে আসে। পরে গতকাল বুধবার বিকেলে থানায় ভ্রাম্যমাণ আদালত বসানো হলে আদালত ইব্রাহীমকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম। পরে যুবকটিকে জেলহাজতে পাঠায় পুলিশ।