মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের সহায়তায় ছেলে কবির মিয়াকে (৩৮) আটক করে পুলিশে দেন ওই মা।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার কলকলি ইউনিয়নের বালিকান্দি গ্রামের কবির মিয়া দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। প্রায় রাতেই তিনি মদ খেয়ে বাড়িতে ফিরে স্ত্রী-সন্তান ও পরিবারের অন্য সদস্যদের হয়রানি করতেন। মাদকের টাকার জন্য প্রায়ই মা ও স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। তাঁর যন্ত্রণায় পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন। গত শুক্রবার রাতে একইভাবে বাড়িতে গিয়ে স্ত্রী ও মেয়েকে (৮) মারধর করে আহত করেন তিনি। শনিবার দুপুরে আহত মা-মেয়েকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় কবির মিয়া স্ত্রী ও মেয়েকে দেখতে হাসপাতালে গেলে তাঁর মা অন্য লোকদের সহায়তায় তাঁকে (কবির) আটক করে পুলিশে সোপর্দ করেন।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরছালিন বলেন, কবির মিয়ার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।